কালাইয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
কালাইয়ের আহম্মেদাবাদ ইউনিয়নের হারুনজ্ঞা গ্রামের প্রায় ১৫০ বিঘা কৃষিজমি পানির নিচে ডুবে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় তিন বছর ধরে ঐ জমিগুলোতে কৃষকরা ফসলও উত্পাদন করতে পারছেন না।
সরেজমিনে জানা গেছে, উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হারুনজ্ঞা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া, সাগিদাপাড়া, সর্দারপাড়া, পন্ডিতপাড়া, মন্ডলপাড়া ও খানপাড়ার আশপাশের প্রায় ১৫০ বিঘা কৃষিজমি রয়েছে। ঐ ছয় পাড়ার কৃষি জমির পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জমিগুলো বর্তমান পানির নিচে বছরের পর বছর ধরে ডুবে আছে। এছাড়া বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই গ্রামের ভেতরে পানি ঢুকে দীর্ঘ সময় ধরে পানির নিচে তলিয়ে থাকে ঐসব পাড়ার রাস্তা। উপজেলার হারুনজ্ঞা গ্রামের সর্দারপাড়ার পলাশ ও পন্ডিতপাড়ার সিরাজুলসহ অনেকেই বলেন, ঐ ছয় পাড়ার পানি নিষ্কাশনের জন্য সরকার নতুন করে ব্রিজ ও কালভার্ট নির্মাণ করেছে। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ঐ ব্রিজ ও কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার পর থেকে এলাকার কৃষি জমিগুলোতে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ফকিরপাড়ার মোয়াজ্জিম বলেন, জমিতে এ পর্যন্ত দুইবার ধানের চারা রোপণ করেছিলাম। কিন্তু পচে নষ্ট হয়েছে।
উপজেলার আহম্মেদাবাদ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আজগর আলি বলেন, ভুক্তভোগীরা কয়েক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু এখনো কোনো সমাধান মেলেনি।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান বলেন, জমি থেকে পানি বের হওয়ার জায়গাগুলো সব বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবারক হোসেন পারভেজ বলেন, বিষয়টি জানার পর উপজেলা কৃষি কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছি। তিনি বিষয়টি দেখে আসার পর, তার সঙ্গে কথা বলে ব্যবস্থ্া নেওয়া হবে।
