চাটমোহরে অবৈধ সোঁতিজালে চলছে মাছ নিধন

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৩৪

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরসহ চলনবিল অঞ্চলের বিভিন্ন নদনদী ও খাল-বিলে পানি কমছে। আর এ সময় উপজেলার বিভিন্ন নদী ও বিলের মুখে স্থাপন করা হচ্ছে অবৈধ সোঁতিজাল। একইসঙ্গে অবৈধ কারেন্ট জাল দিয়েও চলছে দেশি মাছ নিধন।  উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বিভিন্ন বিল ও কাটা নদীতে সোঁতিজাল স্থাপন করা হয়েছে। অনেক স্থানে বাঁশ ও কাঠ পুঁতে সোঁতিজাল বা সোঁতি বাঁধ স্থানের আয়োজন চলছে। হান্ডিয়ালের ডেফলচড়া ও পাকপাড়া কৃষি কলেজের পাশে কাটা নদীতে গত এক সপ্তাহ ধরে অবৈধ সোঁতিজাল স্থাপন করা হয়েছে। ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও প্রভাবশালীরা সোঁতিজাল দিয়ে মাছ নিধনে মেতে উঠেছে। এদিকে বিলে কারেন্ট জাল ব্যবহারকারীরাও বেপরোয়া হয়ে উঠেছে। চাটমোহর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, সোঁতিজাল স্থাপনের বিষয়টি তারা শুনেছেন। উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়ও ইউপি চেয়ারম্যানরা বিষয়টি বলেছেন। সোঁতিবাঁধ অপসারণের সিদ্ধান্তও হয়েছে। শিগিগরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোঁতিবাঁধ অপসারণ করা হবে।