টানা বৃষ্টিতে মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৩৫

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে মঙ্গলবারও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সকালেও অব্যাহত থাকায় মোংলা বন্দরে অবস্থানরত সার ও ক্লিংকারসহ বিভিন্ন পণ্যবাহী ১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে জানান, টানা বৃষ্টিপাতে মোংলা বন্দরের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এর মধ্যে যখন বৃষ্টি কমছে তখন কাজ শুরু হচ্ছে, আবার যখন বাড়ছে তখন বন্ধ থাকছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটির অভ্যন্তরের কার্যক্রম।