স্পোর্টস রিপোর্টার
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের পর গত মার্চে ঢাকা ছেড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের বিদেশি কোচরা। তার পরই করোনা মহামারির জালে স্বদেশে আটকা পড়েন তারা। টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় ঢাকায় ফেরার তাড়াও তৈরি হয়নি। সম্প্রতি বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হয়েছে।
অক্টোবরের শেষ দিকে কলম্বোয় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ। যার আনুষ্ঠানিক প্রস্তুতি বাংলাদেশ শুরু করবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। এক সপ্তাহের অনুশীলনের পর মুমিনুল হকের দল চলে যাবে শ্রীলঙ্কায়।
মিরপুরে টেস্ট দলের ক্যাম্প পরিচালনা করবেন বিদেশি কোচরাই। ক্যাম্পে যোগ দিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় আসছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালেফাতো, ট্রেনার ট্রেভর লি। তবে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি আসবেন কি না, তা নিশ্চিত নয়। ঢাকায় এসে সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিন। তার পরই অনুশীলনে যোগ দিতে পারবেন তারা।
গতকাল মিরপুর স্টেডিয়ামে নির্বাচকদের সঙ্গে মিটিং শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম দিকে এসে পড়বে। কোয়ারেন্টাইনে থাকার পরই তারা মাঠে এসে অনুশীলন করাতে পারবে।’
