স্বেচ্ছাসেবক হিসেবে রুশ টিকা নিতে চান মেক্সিকান প্রেসিডেন্ট

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৫০

রয়টার্স

রাশিয়ার তৈরি করোনার টিকা গ্রহণের ইচ্ছার কথা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। তিনি বলেছেন, রাশিয়ার টিকা কার্যকর কি না, সেই পরীক্ষায় যেসব স্বেচ্ছাসেবীর ওপর টিকাটি প্রয়োগ করা হবে, এর মধ্যে প্রথম হতে চান তিনি।

দুই মাসেরও কম সময়ের মধ্যে মস্কোর টিকা অনুমোদন ও প্রথম ব্যাচের টিকা তৈরি করে মানুষের ওপর প্রয়োগের বিষয়টি কিছু বিজ্ঞানীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা বলছেন, কেবল ১০ শতাংশ ক্লিনিক্যাল পরীক্ষা সফল হওয়ার নজির রয়েছে। সেখানে তাড়াহুড়ো করে রাশিয়া তাদের টিকা অনুমোদন দিয়ে ফেলেছে। কিছু গবেষক বলছেন, তারা আশঙ্কা করছেন, নিরাপত্তার কথা বিবেচনা না করেই রাশিয়া টিকার অনুমোদন দিয়েছে।

এ রকম অবস্থায় সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রথম এই ভ্যাকসিন নিতে চাই, কারণ এটি আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, তবে এটি কার্যকর প্রমাণিত এবং সবার জন্য সহজলভ্য হতে হবে।’ মেক্সিকান নেতা বলেন, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া অথবা চীনের কাছে পৌঁছে যাবেন যদি তারা প্রথম কার্যকর ভ্যাকসিন তৈরি করে থাকে। তিনি বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা আদর্শিক বিষয় নয়, স্বাস্থ্যের বিষয়টি সবার আগে।’ উল্লেখ্য, রাশিয়ার টিকা ছাড়াও মেক্সিকো ও আর্জেন্টিনার সরকার ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে টিকা উত্পাদনের জন্য চুক্তি করেছে।