সাত ঘণ্টা বিদ্যুত্হীন শ্রীলঙ্কা

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২১:৫২

গুরুত্বপূর্ণ একটি উত্পাদন কেন্দ্র বিকল হয়ে পড়ার পর টানা সাত ঘণ্টা পুরো শ্রীলঙ্কাতেই অচল হয়ে পড়ে বিদ্যুত্ সরবরাহ। সোমবার রাজধানী কলম্বোর বাইরে কেরাওয়ালিপিটিয়া পাওয়ার কমপ্লেক্সে এই বিপর্যয়ের জন্য যান্ত্রিক সমস্যাকে দায়ী করেছেন দেশটির বিদ্যুত্মন্ত্রী ডাল্লাস আলাহাপেরুমা। তবে ঐ সমস্যার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। প্রায় সাত ঘণ্টা পর রাজধানীতে বিদ্যুত্ সরবরাহ পুনরায় শুরু হলেও দেশটির অধিকাংশ এলাকাতেই তা সম্ভব হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৬ সালেও একবার বড় ধরনের বিপর্যয়ের পর প্রায় টানা আট ঘণ্টা বিদ্যুত্হীন হয়ে পড়ে শ্রীলঙ্কা। ঐ ঘটনার পর সোমবারই সবচেয়ে মারাত্মক বিদ্যুত্ সংকটের মুখে পড়ে দেশটি। বিদ্যুত্ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সরকারি সেবা প্রদানকারীদের নিয়ন্ত্রক সংস্থা। এজন্য রাষ্ট্রায়ত্ত কোম্পানি সেলন ইলেকট্রিসিটি বোর্ডকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

এদিকে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় রাজধানী কলম্বোতে বন্ধ হয়ে যায় ট্রাফিক সিগন্যাল। ফলে রাজপথে যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খেতে শুরু করে ট্রাফিক কর্তৃপক্ষ। পাম্পগুলোতে বিদ্যুত্ না থাকায় বিঘ্নিত হয় পানি সরবরাহও।  হাসপাতালসহ অন্য জরুরি অবকাঠামোগুলোতে জেনারেটরের মতো বিকল্প সুবিধায় কাজ চালিয়ে যায়। আর করোনা ভাইরাস মহামারির কারণে ইতিমধ্যেই বন্ধ রয়েছে দেশটির প্রধান বিমানবন্দরের বেশির ভাগ কার্যক্রম। উল্লেখ্য, শ্রীলঙ্কার চাহিদার অর্ধেকের বেশি বিদ্যুত্ আসে তাপবিদ্যুত্ কেন্দ্র থেকে। বাকি অংশটুকু আসে জলবিদ্যুত্ ও বাতাস থেকে। ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেরাওয়ালিপিটিয়া পাওয়ার কমপ্লেক্সটি পরিচালিত হয় জ্বালানি তেলের মাধ্যমে।