ইসিতে আয়ব্যয়ের হিসাব জমা দিল জাতীয় পার্টি-জেপি

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

বার্ষিক আয়ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টি-জেপি। গতকাল সকালে আগারগাঁও নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীরের কাছে হিসাব জমা দেন দলটির একটি প্রতিনিধিদল। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, এজাজ আহমেদ মুক্তা, যুগ্মসাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠানিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, যুগ্ম দপ্তর জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) মেনে প্রতি বছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর। বর্তমানে ইসিতে ৪১টি দল নিবন্ধিত রয়েছে। গত ৩১ জুলাইয়ের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়ে দলগুলোর সাধারণ সম্পাদক/মহাসচিব বরাবর তাগিদ দেওয়া হয়। এবার ৩১ জুলাই ঈদের ছুটি ছিল। তাই আইন অনুযায়ী, ঈদের ছুটি শেষে গত ৩ আগস্ট প্রথম সরকারি কর্মদিবস ছিল হিসাব জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে ৩৬টি রাজনৈতিক দল আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। বিএনপি-জেপিসহ বাকি দলগুলোর আবেদনের প্রেক্ষিতে ৩১ আগস্ট পর্যন্ত হিসাব জমার সময় বৃদ্ধি করে ইসি।