৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাত্ ও পাচার
ইত্তেফাক রিপোর্ট
প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাত্ ও পাচারের অভিযোগ অনুসন্ধানের ধারাবাহিকতায় প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) চক্রের চার জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, হাল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক কাজী মমরেজ মাহমুদ ও অমিতাভ অধিকারী এবং আনন কেমিক্যালের পরিচালক উজ্জ্বল কুমার নন্দী ও অনিতা কর। জিজ্ঞাসাবাদে তারা নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করে নির্দোষ বলে দাবি করেন। তবে জিজ্ঞাসাবাদে হাজির হননি হাল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক স্বপন কুমার মিস্ত্রি, প্রীতিশ কুমার হালদার, একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা সাহা এবং আরবি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার রতন কুমার বিশ্বাস।
এদিকে অর্থ আত্মসাত্ ও পাচারের ঘটনায় আজ বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে আরবি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর রতন কুমার বিশ্বাস ও রেপ্টাইলস ফার্মের চেয়ারম্যান শিমু রায়কে। একই বিষয়ে ২৩ আগস্ট তলব করা হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম এ হাসেম, পরিচালক নাসিম আনোয়ার, বাসুদেব ব্যানার্জি, মোহাম্মদ আবুল হাশেমকে। আগামী ২৪ আগস্ট তলব করা হয়েছে পরিচালক নওশেরুল ইসলাম, মো. আনোয়ারুল কবির ও রাশেদুল হক এবং ২৬ আগস্ট ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জে কে ট্রেড ইন্টারন্যাশনালের মালিক ইরফান আহমেদ খানকে।
উল্লেখ্য, ২০১৯ সালের মাঝামাঝিতে পি কে হালদার বিদেশে পালিয়ে যান। তবে ইতিমধ্যে তথ্যপ্রমাণসাপেক্ষে কমিশন তার বিরুদ্ধে প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে।
