প্রচুর ট্র্যাফিকের শব্দে ব্যস্ত রাস্তার কাছে বাস করা মানুষদের স্থূলতার ঝুঁকি বেশি। আর স্থূলতা যে অনেক রোগের সূচনাকারী সেটা সবাই কমবেশি জানি। সাম্প্রতিক একটি গবেষণায় এমন প্রমাণ দেখা গেছে। ব্রিটিশ গবেষকরা যুক্তরাজ্য, নরওয়ে এবং নেদারল্যান্ডসের কিছু ব্যস্ত সড়কের পাশে বাস করা বাসিন্দাদের নিয়ে একটি সম্প্রসারিত গবেষণা চালিয়েছেন। সেখান থেকে এই চিত্র উঠে এসেছে।
গবেষকরা বলেছেন, প্রচুর ট্র্যাফিক শোরগোলের সংলগ্ন সড়কের পাশে আবাসিক স্থাপনা তৈরি না করাই ভালো। কারণ এসব বাসাবাড়িতে যারা বাস করে তাদের স্থূলতার সমস্যার সঙ্গে সঙ্গে খিটখিটে মেজাজের সমস্যাও তৈরি হয়। আরেকটি সমস্যা খুব বেশি দেখা যায়, সেটি হচ্ছে—কোনো কিছুতে গভীরভাবে মনোযোগ দেওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমে যাওয়া। উদাসীনতাও ভর করে বসে মানসিক শক্তির ওপর। সারাক্ষণ গাড়ির শব্দের কারণে প্রথম দিকে বেশ বিরক্তি তৈরি হলেও ধীরে ধীরে এই পরিস্থিতির সঙ্গে মস্তিষ্ক নিজেকে মানিয়ে নেয়। এই মানিয়ে নেওয়াটাই মস্তিষ্কের জন্য সবচে ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা। কারণ, এর ফলে অনেকে এমন উদাসীন স্বভাবের হয়ে পড়েন যে, বড় বড় সমস্যাকেও হাল্কা করে দেখতে শুরু করেন।
ব্রিটিশ বিশেষজ্ঞরা দেখতে পান যে, হাই-ট্র্যাফিক রাস্তার কাছে বাস করা যুক্তরাজ্য এবং নরওয়ের বাসিন্দাদের স্থূলতার সমস্যা বেশি। এই গবেষণা এখন পর্যন্ত এ বিষয়ের ওপর বৃহত্তম উদ্যোগ। অনুমান করা হয় যে, পুরো ইউরোপ জুড়ে ১০ কোটির বেশি লোক বাস করে যেখানে রাস্তায় যানবাহনের শব্দ ৫৫ ডেসিবেল ছাড়িয়ে যায়। পূর্ববর্তী গবেষণাগুলোতে পরামর্শ দেওয়া হয়েছে যে, সড়কের ট্র্যাফিকের শব্দ মানসিক চাপের স্তর বাড়িয়ে তুলতে পারে এবং স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি শরীরে এমন ধরনের কেমিক্যাল নিঃসারণ ঘটায় যা বিশেষ করে কোমরের চারপাশে ওজন বাড়িয়ে তোলে। ইউনিভার্সিটি অব লেস্টারের পরিবেশবিদ ও মহামারিবিদ আনা হানসেল বলেন, ‘এটি সর্বজনবিদিত যে, অযাচিত শব্দ জীবনযাত্রার মানের ওপর প্রভাব ফেলতে পারে এবং ঘুমেরও ব্যাঘাত ঘটাতে পারে। তাই কম ঘুমের যেসব ক্ষতিকর দিক আছে সেগুলো ঘটতে পারে ব্যস্ত সড়কের পাশে সারাক্ষণ বসবাস করলে।’
এই গবেষণায়, প্রফেসর হ্যানসেল এবং সহগবেষকরা ট্র্যাফিক শব্দদূষণ এবং স্থূলতার মধ্যে সম্পর্কের অন্বেষণ করতে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং নরওয়েতে ৫০ হাজারের বেশি লোকের তথ্য ব্যবহার করেছেন। তারা বলেছেন, প্রতি ১০ ডেসিবেল বাড়তি শব্দের জন্য স্থূলতার প্রবণতা প্রায় ২ শতাংশ বৃদ্ধি পায়। তবে গবেষকরা বলেছেন, শতভাগ সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে এ বিষয়ের ওপর আরো গবেষণার প্রয়োজন আছে।—ডেইলি মেইল
