চাঁদপুরে সড়ক উন্নয়নে একনেকে প্রকল্প অনুমোদন

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০০:২০

চাঁদপুর, মতলব শ্রীরায়েরচর-ঢাকা সড়ক পথ প্রস্তুত ও বাঁক সরল করে জেলা মহাসড়ককে উন্নতি করার লক্ষে ৫২৪ কোটি ৩৭ লাখ টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছে সরকার। এর ফলে ঢাকার সঙ্গে চাঁদপুরের সড়ক দূরত্ব কমে আসবে প্রায় ৭২ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট)  এ সংক্রান্ত একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করা হয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।

দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরায়েরচর (কুমিল্লা)-মতলব উত্তর (ছেংগারচর) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণ প্রকল্পটি চলিত বছর জুলাই মাস থেকে ২০২৩ সালের জুন সময়ে বাস্তবায়নকাল ধরা হয়েছে।

আরও পড়ুন: ত্রাণের নামে ভিক্ষুকের থেকে টাকা নেওয়ায় ইউপি সদস্য বরখাস্ত

চাঁদপুর, মতলববাসীর দীর্ঘদিনের এই আশা পুরণ  করায় চাঁদপুর-২  আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদেরকে মতলববাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ইত্তেফাক/এসি