পুঁজিবাজারের স্থিতিশীলতায় সহযোগিতা করবে কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০০:৪৩

সরকার ও বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার আন্তরিকতায় শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা আগের চেয়ে অনেকটা স্বস্তিতে রয়েছেন। এই স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবীরের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক।

বৈঠকে পুঁজিবাজারের সমস্যা ও বাংলাদেশ ব্যাংকের করণীয় নিয়ে আলোচনা করা হয়। ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান, পরিচালক শাকিল রিজভীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৈঠকশেষে ডিএসই এমডি সাংবাদিকদের জানান, পুঁজিবাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখছে। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টায় বাজার একটি প্ল্যাটফরমে চলে এসেছে। এটি ধরে রাখতে হবে। এজন্য মানি মার্কেট ও ক্যাপিটাল মার্কেটের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। এজন্যই আজকে আমরা আলোচনা করেছি; কোন কোন জায়গায় আমাদের সহযোগিতা দরকার এটি বলেছি। এসব বিষয়ে তারা আমাদের ইতিবাচক আশ্বাস দিয়েছে।