শিপ্রা ও সিফাত মামলা নেয়নি কক্সবাজার সদর থানা

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০০:৫৩

পুলিশের গুলিতে নিহত মেজর (অব:) সিনহার সফরসঙ্গী শ্রিপা রানি দেবনাথ ও সিফাত আইসিটি অ্যাক্টে মামলা করতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর থানায় যান। কিন্তু সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি গ্রহণ না করে আইসিটি ট্রাইব্যুনাল বা রামু থানায় যাওয়ার জন্য পরামর্শ দিয়ে মামলাটি ফেরত দেন।

মামলা না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে ওসি মো. খাইরুজ্জামান বলেন, ঘটনার সূত্রপাত যেহেতু সদর থানা এলাকা নয়, তাই মামলাটি এখানে নথিভুক্ত করা যথাযথ হবে না। যদি আপনাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো রামু থানা এলাকায় হারিয়ে গিয়ে থাকে তাহলে রামু থানায় অথবা আইসিটি ট্রাইব্যুনালে মামলা করাটা যথাযথ হবে।

মামলার বিষয়ে বাদীর আইনজীবী মাহবুবুল আলম টিপু বলেন, শ্রিপা দেবনাথ ও সিফাতের ব্যক্তিগত ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদেরকে মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। সামাজিকভাবে সম্মানহানি হয়েছে। এটির বিচার চাইতে সদর থানায় মামলা করতে এসেছিলাম। কিন্তু ঘটনাস্থলের অজুহাত দিয়ে মামলাটি গ্রহণ করা হয়নি। আমরা উপযুক্ত স্থানে গিয়ে মামলা করে সামাজিকভাবে হেনস্তার প্রতিকার চাইব।

শিপ্রা জানিয়েছেন, পুলিশের মামলায় জামিনের পর বর্তমানে কক্সবাজার থানায় অবস্থান করছি। এই কারণে মামলাটি করতে কক্সবাজার থানায় এসেছিলাম।