ত্রাণ বিতরণের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ 

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৯:৩৭

কুড়িগ্রামে বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ ও ব্যারিস্টার রবিউল আলম সৈকতসহ কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। 

বুধবার বিকালে (১৯ আগস্ট) কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

পুলিশ সুত্রে জানা যায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আসনে বসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। 

আরও পড়ুন: মুক্তিযোদ্ধার সন্তানদের বিনা খরচে বিদেশ পাঠাবে সরকার

এতে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, রবিউল আলম সৈকত, যুবদলের সাধারণ সম্পাদ নাদিম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আবু হানিফ বিপ্লব, ওয়াহেদ রানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল ও কাজলসহ দুই গ্রুপের ১০ জন আহত হন। আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’

ইত্তেফাক/এএএম