সমৃদ্ধ দেশ গড়তে গণমাধ্যমের সহযোগিতা চাই: ড. হাছান মাহমুদ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৬:১৮

সচিবালয়ে দায়িত্ব নিয়ে নিজ দপ্তরে আলাপকালে সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে তথ্যমন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেন, ‌‘উন্নত সমৃদ্ধ দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। যে ভিশন নিয়ে আমরা আগাচ্ছি, শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করবো। আর সেজন্য গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই।’

হাছান মাহমুদ আরো বলেন, ‘শেখ হাসিনার সময়ে গণমাধ্যমের বিকাশ ঘটেছে। এছাড়া টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে শেখ হাসিনা সময়েই। তবে আমরা জানি, অনেক ভুয়া অনলাইন কিছু উল্টা-পাল্টা তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। অনেকের চরিত্র হননের চেষ্টা করছে তারা। আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা নিয়ে এগুলো মোকাবিলা করবো।’

আরও পড়ুনঃ বাসে চড়ে স্মৃতিসৌধে মন্ত্রিসভার সদস্যরা

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দিন বদল হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এক সময় বাংলাদেশের নাম লেখা হতো অন্যতম দরিদ্র দেশ হিসেবে। আজ সেই সুযোগ আর নেই। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ।’

ইত্তেফাক/অনি