ইংল্যান্ডের পাশে আজহার মাহমুদ

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪৬

কাল শুরু শেষ টেস্ট

 স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ডের কোচিং স্টাফে নিয়োগ দেওয়া হয়েছে আজহার মাহমুদকে। বোলিং কোচ জন লুইসের সহকারী হিসেবে কাজ করবেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। এদিকে আগামীকাল মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টেস্ট।

পাকিস্তানের হয়ে ২১ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলেছেন আজহার। সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার কোচিং ক্যারিয়ারেও উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন পাকিস্তান দলে। ২০১৬ সাল থেকে বছর তিনেক ছিলেন জাতীয় দলের বোলিং কোচ। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও আজহার ব্রিটিশ পাসপোর্টধারী। কাউন্টি ক্রিকেটে দীর্ঘদিন সারে ও কেন্টের হয়ে খেলেছেন তিনি।

আগামী ২৮ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের জন্য প্রধান কোচ ক্রিস সিলভারউডকে বিশ্রাম দিয়েছে বোর্ড। তার জায়গায় প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গ্রাহাম থর্প। আরেক সাবেক ইংলিশ ব্যাটসম্যান পল কলিংউড এই সিরিজে থাকবেন থর্পের সহকারী। সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিককে এই সিরিজে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাটিং কোচ হিসেবে। উইকেট কিপিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক উইকেটরক্ষক জেমস ফস্টার।