সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে ভবন থেকে পড়ে দুলাল নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে স্থানীয় আইলপাড়ার একটি নির্মাণাধীন ভবনে। গতকাল বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জানা যায়, নির্মাণাধীন একটি ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় দুলাল নিচে পড়ে যায়। এ সময় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত্যু ঘোষণা করেন। দুলালের পিতার নাম মৃত আব্দুল মান্নান। তার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জের চন্ডিপুর বেকুয়া গ্রামে।
কারখানার শ্রমিকরা জানান, কর্মরত শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। তারা সব সময় আতঙ্ক নিয়ে কাজ করেন। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি স্বীকার করে জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
