বেতন বৃদ্ধির দাবিতে গত অক্টোবরে জর্ডানের সরকারি খাতের ইতিহাসে দীর্ঘতম ধর্মঘটের আয়োজন করেছিল দেশটির বৃহত্তম শিক্ষক সংগঠন। এরপর থেকেই শিক্ষকদের এ ট্রেড ইউনিয়নের ওপর নেমে এসেছে সরকারের দমনপীড়ন। ইতিমধ্যেই অন্তত ১ হাজার শিক্ষককে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তাদের আইনজীবীরা। খবর দি গার্ডিযান পত্রিকার।
ইউনিয়নের আইনজীবীরা জানিয়েছেন, গত মাসে হঠাত্ করেই দেশজুড়ে সংগঠনটির সব শাখা সিলগালা করে দেয় পুলিশ। দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় এর সব ধরনের কার্যক্রম। গোপন অভিযোগে গ্রেফতার করা হয় ট্রেড ইউনিয়নের ১৩ জন নির্বাচিত সদস্যকেই।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের আটকাতে ব্যবহার করা হয়েছে জরুরি ভিত্তিতে পাশ করা করোনা নিয়ন্ত্রণ আইন। ইউনিয়নের সদস্য ও আন্দোলনকারী শিক্ষকদের গ্রেফতারের খবর প্রচার না করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে জর্ডানের গণমাধ্যমগুলোকে। জর্ডান কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তবে সৌদি আরব ও মিশরের মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় তারা তুলনামূলক বহুত্ববাদী এবং ভিন্ন মতের প্রতি বেশি সহানুভূতিশীল বলে মনে করা হয়। দেশটিতে একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বিক্ষোভের অনুমতি দেওয়া হয় এবং গণমাধ্যমগুলোও সরকারি নীতির সমালোচনা করতে পারে।
