ঢাকায় আনা হয়েছে সংসদ সদস্য ফজলে করিমকে

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:০৩

চট্টগ্রাম অফিস

করোনা ভাইরাসে আক্রান্ত রাউজানের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর সন্তান ফারাজ করিম জানান, ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

এর আগে সর্দি-জ্বর থাকায় গত সোমবার সকালে নমুনা দিয়েছিলেন এ বি এম ফজলে করিম চৌধুরী। সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি শহরের বাসায় আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

করোনা সংক্রমণের শুরু থেকে এ বি এম ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণসামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। গত ১৩ আগস্ট থেকে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতেও ব্যস্ত ছিলেন তিনি।