মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আরো সাত দিন সময় চায়

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:০৪

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র

যশোর অফিস

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনিতে তিন কিশোর নিহতের ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আরো সাত দিন সময় চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছে। তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য এই কমিটিকে তিন দিন সময় দেওয়া হয়েছিল, যা গত মঙ্গলবার শেষ হয়েছে।

তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ বলেন, তিন কিশোর নিহতের ঘটনায় শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে গ্রেফতার আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। তবে আদালতের কাছ থেকে এখনো কোনো আদেশ পাওয়া যায়নি। মূলত সে কারণেই মন্ত্রণালয়ের কাছে বুধবার আরো সাত দিন সময় চাওয়া হয়েছে।

এদিকে সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি তাদের কাজ শেষ করেছে। রিপোর্ট যেকোনো সময় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা হতে পারে। তদন্ত কমিটি সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।