ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত্যু হয়েছে আলী আজম সরদার (৫০) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের বিলের মধ্যে একটি জমি থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, 'মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের মিকাইল শেখ ও নূর ইসলাম শেখ নিজেদের জমির ধানবীজ তলায় ইঁদুর মারার জন্য খোলা জিআই তার দিয়ে বিদ্যুতের ফাঁদ পাতে। মঙ্গলবার ভোরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলী আজম সরদার ওই ফাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় ফাঁদের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়'।
পরবর্তীতে সকালে বিলের মাঝের ওই জমিতে মৃতদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আরো পড়ুন: সমৃদ্ধ দেশ গড়তে গণমাধ্যমের সহযোগিতা চাই: ড. হাছান মাহমুদ
এই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম।
এর আগে গত বছরের নভেম্বর মাসে গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজের পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন জাহাঙ্গীর শেখ (৪০) নামে এক কৃষক।
ইত্তেফাক/জেডএইচডি
