তিতাস গ্যাসের ডাটা এন্ট্রি অপারেটর হাছানুরের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:০৪

১ কোটি ৩৩ লাখ টাকার অবৈধ সম্পদ

ইত্তেফাক রিপোর্ট

প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর মো. হাছানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপপরিচালক মো. আলী আকবর বাদি হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-১০।

মামলার অভিযোগে বলা হয়েছে, তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর মো. হাছানুর রহমান দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। ঐ সম্পদ বিবরণীতে তিনি ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের বিষয়টি গোপন করেন। এছাড়া তার দাখিলকৃত সম্পদ বিবরণী অনুযায়ী সম্পদের অনুসন্ধান করে কমিশন প্রমাণ পায় যে, তিনি অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত অর্থের দ্বারা ১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন।