কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ব্রিটিশ ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেন্সার

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:১৩

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস দীর্ঘায়িত হওয়ায় বিশ্বব্যাপী ব্যবসায়ের ধরন পরিবর্তন হয়ে গেছে। খুচরা দোকানে যাওয়ার চেয়ে মানুষ এখন অনলাইনে ঘরে বসে পণ্য কেনায় আগ্রহী হচ্ছে। ফলে বিক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোকেও ঐ পথেই হাঁটতে হচ্ছে। এ কারণে অনেক খুচরা বিক্রির দোকান বন্ধ করে দিতে হচ্ছে। বিশ্বখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেন্সার ঘোষণা দিয়েছে, তারা তাদের ৭০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটি মূলত তৈরি পোশাক ও খাদ্যপণ্য বিক্রি করে থাকে। বাংলাদেশ থেকে বছরে প্রায় ১০০ কোটি ডলারের তৈরি পোশাক নেয় এই ব্র্যান্ড। কোম্পানির প্রধান নির্বাহী স্টেভ রোয়ে বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা নিজেদের পরিবর্তন করে নিচ্ছি। স্টোরগুলোর কর্মী ছাঁটাই হলেও অনলাইনে বিক্রি বাড়ানোর জন্য নতুন কিছু পদ সৃষ্টি হবে। গত মঙ্গলবার প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, করোনার লকডাউনের সময় ১৯ সপ্তাহে পুরো গ্রুপের বিক্রি প্রায় এক পঞ্চমাংশ কমেছে তবে এ সময়ে অনলাইন বিক্রি বেড়েছে প্রায় ৪০ শতাংশ।