রূপগঞ্জে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০০:৩৫

রূপগঞ্জে একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রূপসী কর্ণগোপ এলাকায় অবস্থিত হাতিম স্টিল স্ট্রাকচার লিমিটেড নামক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  কারখানার এক নিরাপত্তাকর্মী জানান, তিন তলাবিশিষ্ট এই ভবনটির নিচ তলায় স্টিল ও কাঠের ফার্নিচার তৈরি হয়। ওপর তলায় গুদাম  হিসেবে ব্যবহূত হয়। ভবনটিতে ১২ থেকে ১৫ জন শ্রমিক কাজ করেন। গতকাল রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, আড়াইহাজার, পূর্বাচল ও ডেমরা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) আফিফা খান।

ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেবাশীষ বর্মণ বলেন, ১২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  ভবনটির তৃতীয় তলায় আগুনের মাত্রা বেশি। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে কারখানার ভেতরে কেউ আছে বলে জানা যায়নি।