আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা শিরীন

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০০:৫২

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অধ্যাপক (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা) ও ভাইরোলজি বিভাগ পদে কর্মরত ছিলেন। তিনি আইইডিসিআরের সর্বশেষ পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্থলাভিষিক্ত হলেন। সম্প্রতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন পদে) পদোন্নতি পান।

গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. তাহমিনা শিরীনকে আইইডিসিআরে বদলি ও পদায়ন করা হয়। আজ বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এদিকে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ বৃহস্পতিবার অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে যোগদান করবেন বলে জানা গেছে।