রাজধানীর বাড্ডায় হিরন সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি বেকারি কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় ঘটনাটি ঘটে। হিরনের বোন রুমা আক্তার জানান, বাসা থেকে বের হয়ে পশ্চিম মেরুল বাড্ডা হুমায়ুনের বাড়ির সামনে (নোয়াখাল্লা বাড়ির বাউন্ডারির পাশে) থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। হিরন শরিয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে। পাঁচ বোন চার ভাইয়ের মধ্যে তিনি ৪র্থ। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। স্ত্রী নিপা আক্তার। ঢাকায় স্ত্রী দুই সন্তানসহ আফতাব নগর, বনশ্রী, রামপুরা থাকতেন। বাড্ডা থানার পরিদর্শক অপারেশন ইয়াছিন গাজী জানান, হিরন সরদার নিজেই এক জন সন্ত্রাসী ও মাদকাসক্ত। তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তাদের নিজেদের মধ্যে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি এখনো তদন্তাধীন তাই বিস্তারিত জেনে পরে বলা যাবে।
