আয়রে কাগা আয়রে বগা
মাঠ-বেমাঠের হিনচে ডগা মানকচুবন
আমরুলিশাক কলমিলতা
তোদের সঙ্গে মনের কথা বলব এখন।
জলপিপি আয় শোন পাতিহাঁস
পাগলাটে খুব বইছে বাতাস উথালপাতাল
চোখের সামনে সেই কুঁড়েঘর
জামরুলগাছ নাক বরাবর নেই কতকাল।
ঢেউ তোলে ধানগাছের চারা
আলপথে ঘর ফিরছে যারা সব চেনামুখ
শিউলিফুলের গন্ধ হলো
সন্ধে হতেই বন্ধ হলো রোদের চাবুক।
দিন ফুরোতেই রাত নেমে যায়
আদুর বাদুড় গাছের শাখায়, শিয়াল ডাকে
আলতো আলো ছায়ায় দোলে
পাখির ছানা মায়ের কোলে পাতার ফাঁকে।
আকাশ থেকে রুপোর ঘড়ায়
চতুর্দিকে জ্যোত্স্না ছড়ায় চাঁদ-তারারা
সে রাত্তিরে আমিও তখন
একটু আধটু মন উচাটন আত্মহারা।
দিগন্তরে আলোর ফিতে
জুঁই-জোনাকির কী ইঙ্গিতে ঝলমলানি?
ঘাসের ডগা বুনছে চাটাই
ইচ্ছে তোদের সঙ্গে কাটাই একটুখানি।
