তেলেসমাতি টুপি

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৯:৩৭

ঘুমের ঘোরে স্বপ্ন দেখে

উড়ছে খোকা আকাশে,

পায় না খুঁজে ভাবনা করে

কোথায় পেল পাখা সে।

 

মেঘবালিকা গান নিবেদন

করছে খোকার চরণে,

কেন এত ভাববিনিময়

আসে না তার স্মরণে।

 

মেঘের ভেলায় বসে খোকা

যায় চলে যায় কাশবনে,

সেগুন জারুল ঘুরে শেষে

ঘুরে খোকা বাঁশবনে।

 

বাঁশবাগানে ভূতেরা আজ

দেয় খোকারে দেয় সালাম,

খোকার মাথায়  বুদ্ধি অনেক

তাই সে ঘটায় তুলকালাম।

 

অবশেষে জানা গেল

পায় কেন রে বেশ খাতির

খোকার মাথায় পরা ছিল

টুপিটা তেলেসমাতির।