প দা ব লি

কড়ি দিয়ে কিনলাম

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৯:৩৯

জি, আমি আপনাকে, মানে আপনাকেই বলছি, আপনাকে

আপনি বসে আছেন এক আলোকোজ্জ্বল মঞ্চে

মঞ্চের ঠিক মাঝখানে মধ্যমণি হয়ে

দু পাশে আপনার প্রিয় বন্ধুদের কলহাস্য-বাণী

আপনার কপালে একটা বিশেষ চিহ্ন আঁকা, দূর থেকে দেখে চেনা যায়

আপনার গলায় ঝুলছে ‘কী একটা’ মাদুলি মানে আজীবন টিকে থাকার রক্ষাকবচ

আমি আপনাকেই বলছি

 

আপনি আকাশ ভালোবাসেন

একটা আকাশ তাই হাতের মুঠোয় চাই একটা আকাশ

 

আপনার বন্ধুরা আহস্তপকেট আপনাকে ভীষণ ভালোবাসে

আপনার বন্ধুরাও নীল আকাশ ভালোবাসে

মাঝে মাঝে প্যারাস্যুটে ভাসে আকাশে আকাশে

 

আপনার নিজের পায়ে দাঁড়াবার শক্তি নেই কোমরেও জোর নেই

আকাশে ওড়ার কোনো ডানা নেই

আপনি আকাশ ভালোবাসেন

 

অথচ আকাশ থাকে আকাশে আর আকাশের এত স্পর্ধা

এত দূরে থাকে কেন এত উঁচুতে!

তাকে কানে ধরে ওঠাও-বসাও...

তারা আকাশকে টেনে হিঁচড়ে মাটির খুব কাছাকাছি নিয়ে এলো

 

এখন অনেক নিচে নেমেছে আকাশ

আর জাতে উঠেছে মাটি

 

জি আমি আপনাকেই বলছি

আহা, মাটির মানুষ

আপনি এখন আকাশ ছুঁয়েছেন

আপনার খ্যাতি এখন আকাশছোঁয়া