বার্সাকে শীর্ষে ফেরাতে চান কোম্যান

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:২১

বার্সা কোচ হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে গত বুধবার হাজির হয়েছিলেন রোনাল্ড কোম্যান। জানালেন, দলকে পুরোনো জশ পাইয়ে দেওয়ার জন্যে প্রয়োজনীয় সব পদক্ষেপই গ্রহণ করবেন তিনি।

গত জানুয়ারিতেও একবার কোচ হওয়ার প্রস্তাব গিয়েছিল তার কাছে। সেবার প্রত্যাখ্যান করলেও এবার আর পারেননি কোম্যান।

তবে দলের দায়িত্ব নেওয়ার জন্যে এরচেয়ে খারাপ সময় আর হতেই পারত না তার জন্যে। বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবচেয়ে বাজে হারে পর্যুদস্ত দলটির কোচ হয়ে কোম্যান জানালেন, স্বর্ণসময় ফেরানোর জোর চেষ্টাই করবেন তিনি।

সংবাদ সম্মেলনে বললেন, ‘বার্সেলোনা সবসময়ই খেলোয়াড়দের কাছে সামর্থ্যের পুরোটা চায়, ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। সেদিন যেটা ঘটেছে তা অবশ্যই আমরা চাই না, কেউই চায় না। পুরোনো খ্যাতিটা ফিরে পেতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখন থেকেই শীর্ষে ফেরানোর কাজটা শুরু করতে হবে আমাদের। এটাই আমাদের দায়িত্ব। যারা গুণসম্পন্ন খেলোয়াড় তাদের নিয়েই কাজটা করতে হবে আমাদের।’

লিওনেল মেসির দল ছাড়ার গুঞ্জন নিয়ে জানালেন, ‘পারফরম করলে’ দলে রাখতে আপত্তি নেই তার। বললেন, ‘মেসিকে দলে রাখার জন্যে বোঝাতে হবে কি না, জানি না। একজন কোচ হিসেবে আমি মেসির সঙ্গে কাজ করতে পছন্দ করব কারণ সে ম্যাচ জেতায়। সে পারফরম করলে, তার দলে থাকাতে খুশিই হবো আমি।’

কোচ হিসেবে বার্সেলোনার সঙ্গে তার দুই বছরের চুক্তি হলেও পরবর্তী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ভিক্তর ফন্ত জানিয়েছেন, তিনি জিতলে জাভিকে জায়গা দিতে চাকরি যাবে কোম্যানের। তবে ডাচ কোচ জানালেন, সেটা না হওয়ার পথটাই তৈরি করবেন তিনি। বললেন, ‘কোচের কাজটায় কখনোই নিশ্চয়তা নেই। দলটাকে ভালো খেলাতে হবে, আনন্দ দিয়ে জেতাতে হবে। তাহলে পরবর্তী সভাপতির মনে (নিজের বক্তব্য নিয়ে) সন্দেহ তৈরি হবে।’