প্রিমিয়ার ফুটবল ক্লাবগুলোর সঙ্গে আগেও বৈঠক হয়েছিল বাফুফেতে। গতকাল আরেক দফা বৈঠক হয়েছে লিগ কমিটির সঙ্গে। সেখানে লিগ নিয়ে আলোচনা হলেও এখনই কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারছে না কমিটি। কারণ, খেলোয়াড়দের সঙ্গেও কমিটি কথা বলতে চায়। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছেন, তারা ক্লাবগুলোর কথা শুনেছেন। আগামী মঙ্গলবারের মধ্যে খেলোয়াড়দের সঙ্গেও কথা বলবেন। তিনি বলেন, ‘ঈদের আগে একবার বসেছিলাম, এখন আবার বসলাম। পৃথিবীর দিকে তাকালে দেখবেন নামকরা সব ফুটবল লিগ হয়ে গেছে। শেষও হচ্ছে। আমাদেরও খেলা শুরু করা উচিত। দ্রুত যাতে শুরু করতে পারি—তার জন্য মতামত দিয়েছে ক্লাবগুলো। এই মুহূর্তে খেলা শুরু করা যাচ্ছে—এমন সিদ্ধান্ত আমরা দিতে পারছি না। আরো আলোচনার ব্যাপার রয়েছে। কারণ আপনাকে মনে রাখতে হবে ক্লাবগুলোই হচ্ছে লিগের প্রাণ। তারা অর্থ সংগ্রহ করে ক্লাব পরিচালনা করে থাকে। এই কোভিড-১৯ এর সময় অর্থ সংগ্রহের কাজটাও কঠিন।’
বাফুফের তিন তলায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লিগ কমিটির কর্মকর্তা আব্দুর রহীম, জাকির হোসেন চৌধুরী, ক্লাব প্রতিনিধি আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, সত্যজিত্ দাস রুপু, শেখ মারুফ হাসান, সালেহ জামান সেলিম, শাকিল মাহমুদ চৌধুরী, বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং, রহমতগঞ্জের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সালাম মুর্শেদী বলেন, ‘কবে খেলা শুরু হবে এখনই বলতে পারব না। কারণ আমরা এর পর জাতীয় দলের ৩০ ফুটবলারের সঙ্গেও বসব। অন্য ফুটবলারদের সঙ্গেও বসার পরিকল্পনা রয়েছে। পুনরায় ক্লাবগুলোর সঙ্গেও বসব আমরা।’ তিনি বলেন, ‘২০২০-২১ ফুটবল মৌসুমের দলবদলে খেলোয়াড়রা কে কোথায় থাকবেন সেটা নিয়ে বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
