ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় ডাউটি গ্রামে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আনিচুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আনিচুর বড় ডাউটি গ্রামের সাহেব আলীর ছেলে। শিউলি খাতুন ৫ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। এ ঘটনায় নিহতের ভাই শামিম কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আরো পড়ুন: বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী
কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, শ্বশুরবাড়ি থেকে জমি বিক্রি করে ২ লাখ টাকা দেওয়ার জন্য দুই সন্তানের জননী শিউলি খাতুনকে মারপিট করে গুরুতর আহত করে আনিচুর রহমান। তাকে আত্মীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করলে সোমবার তিনি মারা যান।
ঝিনাইদহ পুলিশের (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তালিয়ান সরকারি প্রাইমারি স্কুলের পাশের একটি বাগানে অভিযান চালিয়ে অভিযুক্ত আনিচুর রহমানকে গ্রেফতার করে।
ইত্তেফাক/জেডএইচ
