বরিশালের বাস টার্মিনালগুলোতে এবং সড়কপথে চাঁদাবাজি বন্ধে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগ গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার বিএমপির ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে দিনব্যাপী টার্মিনালগুলোতে ব্যতিক্রমী এ প্রচার-প্রচারণা চালানো হয়।
ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার বলেন, পরিবহনে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি গাড়ির চালক, শ্রমিক ও যাত্রীদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন এবং কোনো প্রকার হয়রানির শিকার হলে প্রচারণার স্টিকারে প্রদত্ত মোবাইল নম্বরে ফোন দিয়ে অভিযোগ দেওয়ার অনুরোধ করেন। এ সময় ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (দক্ষিণ) মাসুদ রানা, সহকারী কমিশনার (উত্তর) ফায়েজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহিম, বিদ্যুত্ চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।
