আবারও অনির্দিষ্টকালের জন্য কমলগঞ্জের দলই চা-বাগান বন্ধ ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ ২২ দিন চা-বাগান বন্ধ থাকার পর দলই চা-বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বুধবার চা-বাগান খোলার নোটিশ টানিয়ে দেয়। তবে ব্যবস্থাপককে কেন্দ্র করে ও নোটিশে চা-শ্রমিকদের দায়ী করায় এদিন সকাল থেকে বাগানে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে এজিএম দুই নারী শ্রমিক লাঞ্ছিত ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। দুপুরের পর পুলিশি সহায়তায় ব্যবস্থাপক ও এজিএমকে চা-বাগান থেকে বের করে নিয়ে আসা হয়। এরপর বিকালে নোটিশ দিয়ে আবারও দলই চা-বাগান বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দলই চা-বাগান ব্যবস্থাপক আমিনুল ইসলাম জানান, একটি চক্র চা-বাগানের কিছু শ্রমিকদের উসকিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, তিনি শুনেছেন বুধবার সন্ধ্যায় নোটিশ দিয়ে দলই চা-বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে তিনি নোটিশের কোনো কপি এখনো পাননি।
