আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাপিয়ার মতো আর কোনো অনুপ্রবেশকারী যেন সংগঠনে প্রবেশ করতে না পারে সে দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের তার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভায় যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া যাবে না। পাপিয়ার মতো আর কোনো অপকর্মকারী যেন সংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। দুই-এক জনের অপকর্মের জন্য সংগঠনের অনেক অর্জন ম্নান হতে পারে না। তিনি বলেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হিসেবে মাঠে-ময়দানে জোরালো ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুন নাহার চাঁপা, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ বক্তব্য রাখেন।
