ভারতকে ছোট পরমাণু বোমার হুমকি দিলো পাকিস্তানের মন্ত্রী

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২২:২৩

ভারতকে ছোট পরমাণু বোমা নিক্ষেপের হুমকি দিয়েছে পাকিস্তানের মন্ত্রী। তার এমন মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে।

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ জানান,  পাকিস্তানের কাছে নাকি আকারে ছোট অথচ নিখুঁত নিশানা যুক্ত এমন পরমাণু বোমা আছে। যা ভারতের পূর্বে আসামে পর্যন্ত হামলা চালাতে পারবে।  

তবে সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নেন যে, ভারতীয় সেনা, পাক সেনার থেকে রণকৌশলে অনেকটাই এগিয়ে।

তবে ভারতকে হামলার হুমকি এই প্রথমবার দেননি শেখ রশিদ। আগেও এমন হুমকি দিয়েছেন তিনি।

এর আগে গত বছর সেপ্টেম্বরে তিনি দাবি করেছিলেন, পাকিস্তানের কাছে ১৫০-২৫০ গ্রামের পরমাণু বোমা আছে, আর তা দিয়েই নাকি লক্ষ্যবস্তুকে ধ্বংস করা সম্ভব।

কাশ্মীর ইস্যুতে সৌদি আরবের কাছে অপদস্থ হয়েছে পাকিস্তান। আর সেই বিড়ম্বনা থেকে দৃষ্টি সরাতেই পাক মন্ত্রী এমন সব মন্তব্য করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: কলকাতা২৪
ইত্তেফাক/জেডএইচ