নরসিংদী শহরতলীর হাজীপুর গ্রামে অপু দাস (২২) নামে এক যুবককে খুন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ খুনের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে বলা হয়েছে, খুনি চক্র অন্য এক যুবককে খুন করতে গিয়ে তাকে না পেয়ে অপু দাসকে খুন করেছে। হাজীপুরের সাউন্ড বক্স ব্যবসায়ী জনৈক মানিকের সঙ্গে তাদের আগে থেকে বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায়, হাজীপুর এলাকার সাউন্ডবক্স ব্যবসায়ী মানিকের সঙ্গে শহরের দত্তপাড়া এলাকার কতিপয় যুবকের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে মানিকের ওপর হামলার উদ্দেশ্যে দুপুরে শহরের দত্তপাড়া মহল্লা থেকে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল ইজিবাইকযোগে হাজীপুরে যায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে সাউন্ডবক্স ব্যবসায়ী মানিক দৌড়ে হাজীপুর এলাকার ভিডিও প্রোগ্রাম ব্যবসায়ী অপু দাসের বাড়ির ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীরা ওই বাড়ির ভেতর গিয়ে মানিককে খোঁজ করতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন আল আমিন (৪৫) ও দিবাকর দাস (৪০) নামে আরো দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক অপু দাসকে মৃত ঘোষণা করেন।
