ধীরে ধীরে স্বাভাবিক জীবনধারায় ফিরে আসতে চলেছে জম্মু ও কাশ্মীর। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রায় ১০ হাজার আধাসামরিক বাহিনীকে ঐ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রত্যাহার করা হবে। খবর এনডিটিভির
গত বছরের আগস্টে এই আধাসামরিক বাহিনীকে জম্মু ও কাশ্মীরে মোতায়েন করা হয়। সে সময় ঐ এলাকা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। রাজ্যটির বিশেষ মর্যাদার সমাপ্তি ঘোষণা করে সেটিকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন্দ্রশাসিত অঞ্চলটির সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিএপিএফ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রের তরফে দেওয়া নির্দেশে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর থেকে তাত্ক্ষণিকভাবে সিএপিএফের সেনা প্রত্যাহার করে তাদের নিজ নিজ জায়গায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐ আদেশ অনুসারে, ১০০টি কোম্পানির মধ্যে রয়েছে ৪০ কোম্পানি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং ২০ কোম্পানি কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী, সীমান্ত সুরক্ষা বাহিনী এবং সশস্ত্র সীমা বলের সেনা। জম্মু ও কাশ্মীরে যাওয়ার আগে ঐ সেনারা যে যে জায়গায় মোতায়েন ছিলেন সেখানেই ফিরে যাবেন। মে মাসেই স্বরাষ্ট্রমন্ত্রণালয় জম্মু-কাশ্মীর থেকে ১০ কোম্পানি সিএপিএফ প্রত্যাহার করে নেয়।
