তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, এই দুর্যোগের সময়ে দেশের মূল ধারার গণমাধ্যম যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয়। তিনি যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, করোনায় মৃত্যুর হার বিশ্বের যে সব দেশে কম, তার চেয়েও কম মানুষ বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার বিকালে করোনাকালীন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার ১০৩ জন সাংবাদিকের মধ্যে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন ।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে নগরীর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি।
