বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার মদতদাতা ও মাস্টারমাইন্ডসহ সব ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচার করা হয়েছে। মাস্টারমাইন্ড যারা তাদেরও বিচার করা হবে। একাত্তর ও পঁচাত্তরের খুনিদের যারা পুনর্বাসন করেছে, তাদেরও বিচার করা হবে।’ গতকাল বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্ট এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকসভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১৫ই আগস্টের ভয়াবহতা নিয়ে স্মৃতিচারণ করে যুবলীগের চেয়ারম্যান বলেন, মানুষের ঘুম ভাঙে আজানের শব্দ শুনে, কিন্তু ৭৫ সালের ১৫ই আগস্ট আমাদের দুই ভাইয়ের ঘুম ভেঙেছিল গুলির শব্দ শুনে। উঠে দেখি সিঁড়িতে বাবা-মার রক্তাক্ত লাশ পড়ে আছে। তখন ঘাতকচক্র বারবার আমাদের দুই ভাই ও আমাদের পরিবারের অন্য সদস্যদের খুঁজছে মেরে ফেলার জন্য। জীবন বাঁচাতে বাসা থেকে এক কাপড় পরে এসেছিলাম। আমরা ছোট ছিলাম, তখন বুঝতাম না মৃত্যু কাকে বলে, শত্রু কাকে বলে। একটি মানুষ কীভাবে অন্য একটি মানুষকে হত্যা করতে পারে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বক্তব্য দেন।
