ধোনির পর রায়নাকে চিঠি মোদীর, ধন্যবাদ জানালেন রায়না

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৯:৩১

গত শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রিয় অধিনায়কের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও।

দুর্দান্ত ক্রিকেট ক্যারিয়ারের জন্য প্রশংসা ও ভবিষ্যতের শুভ-কামনার অসংখ্য বার্তা পেয়েছেন রায়না। ধোনির পর রায়নাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদও জানিয়েছেন রায়না।

রায়নার উদ্দেশ্যে লেখা চিঠিতে ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী মোদী। আহমেদাবাদের স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটি মাঠে বসেই দেখেছেন মোদী। চিঠিতে মোদী লিখেন, ‘সেই ম্যাচে রায়নার উদ্দীপ্ত ভূমিকার কথা ভারত কখনও ভুলবে না। শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য নয়, ফিল্ডিংয়ে রায়নার অবদান অনেক। ব্যক্তিগত গৌরবের জন্য আপনি খেলেননি, খেলেছেন দল ও দেশের গৌরবের জন্য। এজন্য আপনাকে ধন্যবাদ।’

ধোনির পর প্রধানমন্ত্রীর মোদীর পাঠানো চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রায়নাও। এরপর রায়না লিখেন, ‘আমরা যখন খেলি তখন দেশের হয়ে রক্ত-ঘাম ঝরাই। তাই দেশের মানুষের ভালবাসার চেয়ে ভাল স্বীকৃতি হয় না। তা আরও মধুর হয়ে ওঠে দেশের প্রধানমন্ত্রী স্বীকৃতি। প্রশংসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদীজি। কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করছি।’


ইত্তেফাক/ইউবি