প্রথম ট্রফির দুয়ারে রাউল

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:২৯

চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ হলেও উয়েফা ইয়ুথ লিগ শিরোপা এখনো জিততে পারেনি তাদের যুবারা। রাউল গঞ্জালেস রিয়াল মাদ্রিদ যুবদলের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই আশা দেখাচ্ছেন অধরা শিরোপাটি জেতানোর। প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে দলটি। আজ শনিবার শেষ চারে দলটির প্রতিপক্ষ ২০১৭ এর চ্যাম্পিয়ন্স রেডবুল সালজবুর্গ। তার আগে রাউল জানালেন প্রথমবারের মতো ফাইনালে ওঠার জোর চেষ্টাই করবে তার দল। বললেন, ‘এটা অনন্য এক সুযোগ। আমরা কখনোই ইয়ুথ লিগ জিতিনি, আমরা এর জন্যে লড়তে চাই। দলটা খুবই তরুণ, তাদের জন্যে দারুণ এক অভিজ্ঞতা হবে এটা। এই চ্যাম্পিয়ন্স লিগটা আমার কাছে নতুন কিন্তু আমি এটা পছন্দ করি।’