তেলেঙ্গানায় বিদ্যুেকন্দ্রে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:৩১

এনডিটিভি 

ভারতের তেলেঙ্গানায় একটি জলবিদ্যুত্ কেন্দ্রে অগ্নিকাণ্ডে ভেতরে আটকে পড়া ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অন্ধ্র প্রদেশের সীমান্তের কাছে তেলেঙ্গানার শ্রীসাইলম বিদ্যুেকন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর প্রথম দিকে ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আরো তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সেখানে মোট ২৫ জনের মতো ছিলেন বলে জানা গেছে। আগুন লাগার পর ঘটনাস্থল থেকে বেশ কয়েক জনকে উদ্ধার করতে পারলেও ঐ ৯ জনকে উদ্ধার করা যায়নি। পরে দমকল কর্মীরা তাদের মৃতদেহ উদ্ধার করেন। বার্তা সংস্থা পিটিআই জানায়, নিহতদের মধ্যে দুই জন প্রকৌশলীও রয়েছেন। সেখানকার কালেক্টরেট এল শর্মা জানান, বিদ্যুেকন্দ্রের টানেলের মধ্য থেকে এখনো গাঢ় ধোঁয়া বের হচ্ছে এবং অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেছেন, কীভাবে আগুন লেগেছে তার কারণ অনুসন্ধানে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডিও তার প্রশাসনের কর্মকর্তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে বলেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।