ছবি কথা বলে

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২২:০১

নীলকণ্ঠ আইচ মজুমদার

 

স্মার্ট ফোন এখন হাতে হাতে। অবাধে ছবি তুলতে পারছে সবাই। আবার একটু খারাপ হলে ডিলিটও করতে পারছে। কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় তার বাছ-বিচার নেই। মানুষ তার স্মৃতি ধরে রাখার চেষ্টা করে। তবে সমস্যা হলো ছবির রাজনীতি! যা দিয়ে স্যোশাল মিডিয়াতে প্রায়ই ঝড় উঠছে। মানুষ তার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ছবিগুলো পোস্ট করছে। নেতাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে সেইসব ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নিজেকে নেতা হিসেবে জাহির করার প্রবণতা! সময় পালটেছে, তাই মানুষের চিন্তাচেতনা-শক্তিরও ব্যাপক পরিবর্তন হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই পরিবর্তনটা হয়েছে খারাপ পথে। আর দেশে এত অনলাইন নিউজ পোর্টাল ও এত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া চালু হয়েছে—তাতে শুধু ছবি প্রয়োজন। ছবি তোলার সময় সবাই ব্যানারের সামনে আসতে চায়, নেতার সঙ্গে থাকতে চায়। আবার নেতা নাই কর্মীও নাই কাজও নাই। যেদিন থেকে ছবির রাজনীতি শুরু হয়েছে সেদিন থেকে তথাকথিত নেতারা মূল কাজ বাদ দিয়ে ছবি তোলাতেই ব্যস্ত হয়ে পড়েছে। কোথায় আছেন বা কোথায় যাচ্ছেন—ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। সুযোগ নিচ্ছে অপরাধীরা। যেখানে যাবেন শুধু ছবি তোলার হিড়িক। রাষ্ট্রীয়, সামাজিক বা পারিবারিক যে অনুষ্ঠানই হোক না কেন? আজ কী রান্না করলেন সেটাও সোশ্যাল মিডিয়াতে দিয়ে জানাতে হবে এটা কোন ধরনের মানসিকতা? ছবি তোলা যাবে না এ কথা বলি না। আবার সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না এটাও বলব না। কিন্তু ছবি পোস্ট করার আগে বিবেচনাবোধ কাজ করা উচিত।

ছবি তুলে ছড়িয়ে দিয়ে রাতারাতি নেতা সাজা যায়। কিন্তু নেতা হওয়া যায় না। ক্যাসিনো কাণ্ড, পাপিয়ার সাম্রাজ্য কিংবা সাহেদের উত্থানের ক্ষেত্রে ছবির অবদান অনেক। অনেকক্ষেত্রে সেই ছবিই আজ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ছবির ব্যবহার হতে হবে প্রয়োজনীয়তার ভিত্তিতে। অতিরিক্ত সবকিছুই বিপর্যয় ডেকে আনছে সমাজব্যবস্থায়। প্রযুক্তিনির্ভর সমাজব্যবস্থায় তথ্য আদান-প্রদান হবে দ্রুত এটাই স্বাভাবিক। তাই তথ্য আদান-প্রদানের বেলায় হতে হবে সচেতন। ছবি তোলা কিংবা মিডিয়াতে পোস্ট করা ব্যক্তিত্বেরও পরিচয় বহন করে। তাই ছবির ধরন দেখে আপনার ব্যক্তিত্বও সহজেই বুঝবে সাধারণ মানুষ। রাজনৈতিক নেতার পিছনে দাঁড়িয়ে, সঙ্গে বসে কিংবা করমর্দন করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া আবার দেয়ালে টানিয়ে রাখা মনের ব্যাপার। কিন্তু আজকাল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে জাতে ওঠা! তাই আমাদের অনুধাবন করতে হবে পজেটিভ এবং নেগেটিভ দিকগুলো। মনে রাখতে হবে—ছবি হচ্ছে স্মৃতি ধরে রাখার একটি প্রক্রিয়া।

ময়মনসিংহ