ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ঐ দুই অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়।
আটককৃতরা হলো—নাটোর জেলার সিংড়া থানা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মমিন এবং মানিকগঞ্জের সদর থানা এলাকার রফিকুল ইসলাম। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরিফ নামের অপর এক বখাটে পলাতক রয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ঐ নারী শ্রমিককে চাকরি দেওয়ার কথা বলে মোবাইলফোনে ডেকে নিয়ে যায় তার পূর্ব পরিচিত সহকর্মী মমিন। পরে তাকে কৌশলে আশুলিয়ার পলাশবাড়ি কাঁঠালতলা এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে মমিন ও তার দুই বন্ধু রফিকুল এবং আরিফ মিলে ঐ নারীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় বিষয়টি জানিয়ে ভুক্তভোগী ঐ নারী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও ভুক্তভোগী ঐ নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে।
