ভারতরত্ন ওস্তাদ বিসমিল্লাহ খানের ১৪তম মৃত্যুবার্ষিকী ২১ আগস্ট। এর আগেই বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ ভেঙে ফেলেছেন তার আত্মীয়রা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
হাদহা সরাইয়ের ওই বাড়িটি ছিল তার খুব প্রিয় জায়গা। ওই বাড়ির দোতলায় তিনি প্রতিদিন রেওয়াজ করতেন। ওই বাড়ি কখনো ছাড়তেও পারেননি তিনি। যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য জায়গা ও বাড়ি দেওয়ার প্রস্তাব এলেও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন।
এই বাড়িতেই তিনি শান্তির খোঁজ পেতেন। কিন্তু তার রেওয়াজের ঘরটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দোতলা বাড়ির ওপরের অংশটি ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির সদস্যরা বলছেন, এটি ভেঙে একটি বিশাল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি হবে।
২০০৬ সালে ওস্তাদ বিসমিল্লাহ খান মারা যাওয়ার পর তার শিষ্য ও ভক্তরা ওই বাড়িটিকে একটি মিউজিয়াম করার আবেদন জানিয়েছিলেন। তার স্মরণে একটি সংগ্রহশালা তৈরি এবং বিভিন্ন স্মারক প্রদর্শনের দাবি করা হয়েছিল।
সানাইয়ের মতো একটি ‘সাধারণ’ যন্ত্রকে মার্গসংগীতের স্তরে উন্নীত করে পূর্ণ অবয়ব দেওয়ায় ওস্তাদ বিসমিল্লাহ খানের অবদান সর্বজনস্বীকৃত। তার স্মৃতিতেই বাড়িটিকে হেরিটেজের সম্মান দেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু এত দিনে কেউই এ বিষয়ে এগিয়ে আসেননি। না রাজ্য সরকার, না কেন্দ্রীয় সরকার।
