কাজে গাফিলতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনিচুজ্জামানকে শোকজ করা হয়েছে। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক পত্র প্রকৌশলী আনিচুজ্জামানকে বৃহস্পতিবার পাঠানো হয়। মো. ইসরাইল হোসেন গতকাল শুক্রবার শোকজের বিষয় স্বীকার করলেও কোনো মন্তব্য করতে চাননি। তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।
বিসিসির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত বছর একনেকের সভায় নানা অসঙ্গতির কারণে বরিশাল সিটি করপোরেশনের প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প বাতিল হয়ে যায়। রাস্তাঘাট ও নগর উন্নয়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক ঐ প্রকল্পে অনেক অসঙ্গতি ছিল। করপোরেশন থেকে তা সংশোধন করে প্রায় ৬৯০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। সূত্র জানায়, সম্প্রতি কয়েক দফায় নগরী জোয়ারের পানিতে ডুবে যাওয়া এবং জনগণের চরম ভোগান্তি হওয়ায় সিটি করপোরেশনের উচ্চ পর্যায় থেকে অসন্তোষ দেখা দেয়। প্রকল্পটি অনুমোদন না হওয়ার জন্য নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনিচুজ্জামানের গাফিলতি রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এমনকি ঐ প্রকল্প যাতে অনুমোদন না হয় এ জন্য প্রকৌশলী আনিচুজ্জামান উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ত্রুটিবিচ্যুতি করেছেন বলে শোকজে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে মোহাম্মাদ আনিচুজ্জামানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
