‘আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো দক্ষ টেকনিশিয়ানের অভাব’

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৫১

চিত্রনায়ক সাইমন সাদিক। নতুন বছরে এখন পর্যন্ত অবসর সময় গেলেও শিগগিরই আবারো পুরোদমে ব্যস্ত হয়ে পড়বেন চলচ্চিত্র নিয়ে। সেই প্রসঙ্গ, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির টেকনিক্যাল বিষয় ও নতুন বছরে নিজের প্রত্যাশা নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে।

সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

কেমন আছেন?

বেশ কয়েকদিন ধরে জ্বর ঠাণ্ডায় ভুগছি।

তাহলে এখন কী কাজের বিরতি চলছে?

কাজের বিরতিতে আছি। তবে তার কারণ অন্য। এই মাসের ২৫ তারিখ পরিচালক সমিতির নির্বাচন। এজন্য আপাতত কোনো শুটিংয়ের ব্যস্ততা নেই।

চলতি সময়ে কোন ছবির কাজ চলছে?

‘আনন্দ অশ্রু’, ‘বাহাদুরি’, ‘গোপন সঙ্কেত’ ও ‘নদীর বুকে চাঁদ’ ছবিগুলোর কাজ প্রায় শেষ। পরিচালক সমিতির নির্বাচন শেষ হলে ছবিগুলোর বাকি অংশের কাজ শুরু হবে।

নতুন বছরে নতুন পরিকল্পনায় কাজ করার ইচ্ছের কথা সবাই বলেন। আপনার এ ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কি-না?

নতুন বছরে নতুনভাবে কাজ করার ইচ্ছে সবারই থাকে। বছর চলে যাওয়ার মানে সময়ের ধাপ আরো এগিয়ে যাওয়া। দর্শকদের পছন্দ থেকে শুরু করে কাজের ধরন সবকিছুর একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ কোনো পরিকল্পনার কথা এখনই বলতে পারছি না। তবে ক্যারিয়ার নিয়ে আরো একটু যত্নশীল হতে চাই। মৌলিক কাজগুলো বেশি করে করতে চাই। শুধু মৌলিক গল্প নয়, চলচ্চিত্রে নিজের চরিত্রের দিকেও আরো সচেতন হবো আশা করি। কারণ ভালো গল্পের সাথে আমি যে চরিত্রে কাজ করবো তা আরো চ্যালেঞ্জিং যেন হয় সেদিকে এবার নজর দেবো।

মৌলিক গল্প চলচ্চিত্রে বাড়ছে। তবে প্রযুক্তি ও দক্ষ টেকনিশিয়ানের দিক থেকে আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি বলে কী মনে করেন?

হ্যাঁ, এই জায়গাটা আমি একমত। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব প্রযুক্তি রয়েছে সেগুলো আপাতত আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো দক্ষ টেকনিশিয়ানের অভাব। এই জায়গাগুলো আশা করি আমাদের আরো উন্নত হবে।

নতুন বছরে চলচ্চিত্র নিয়ে আপনার প্রত্যাশা কী?

বরাবর একটাই প্রত্যাশা থাকে। সেটি ভালো ছবি ও ছবির সংখ্যা বৃদ্ধি। আর অবশ্যই আমাদের হলগুলো উন্নতি। এই বিষয়গুলো ঠিক হলে আমাদের চলচ্চিত্র আরো অনেকদূর এগিয়ে যাবে আশা করি।