খেলোয়াড় হয়েও বোর্ডের সদস্য নবি!

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০৮:৪৬

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে দলের নিয়মিত সদস্য। অথচ, এখনই তাকে বোর্ডের সদস্যপদ দিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সংস্থাটি গতকাল এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। ক্রিকেট বিশ্বে এটা অভিনব এক ঘটনা।

বিদায়ি ৯ সদস্যের প্যানেলের বিকল্প হিসেবে এসিবি যে নতুন চার জন সদস্যকে নিয়োগ দিয়েছে তাদের এক জন ৩৫ বছর বয়সী সাবেক অধিনায়ক নবি। বাকি তিন জন হলেন হাসিনা সাফি, রোহুল্লাহ খানজাদা এবং হারুন মির। এই চার জনকে সদস্য হিসেবে নিয়োগের সুপারিশ করেছেন এসিবি চেয়ারম্যান ফারহান ইউসুফ জায়ি। অনুমোদন দিয়েছেন প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আশরাফ গনি।

গত বছর সেপ্টেম্বরে টেস্টকে বিদায় জানালেও নবি এখনো সীমিত ওভারের ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন। এর বাদে বিশ্ব জুড়ে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি নিয়মিত মুখ। চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলছেন তিনি।