অস্বাভাবিক বৃষ্টি ও জোয়ারে বাকেরগঞ্জ উপজেলার নদীর তীরবর্তী চৌদ্দটি ইউনিয়নের প্রায় একশটি গ্রাম ও একটি পৌরসভা প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে শনিবার পর্যন্ত এ এলাকায় টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানি ব্যাপকভাবে বেড়ে রাস্তাঘাট, ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাছের ঘের তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়ে প্রায় লক্ষাধিক মানুষ।
স্থানীয়রা জানান, সিডরের পরে এসব এলাকায় আর কখনও এতো পানি বৃদ্ধি পায়নি। নদীর সাধারণ জোয়ারের তুলনায় প্রায় ৫ ফুট পানি বেড়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিব হাসান জানান, এ উপজেলায় প্রায় চারশ হেক্টর জমিতে ঘের ও পুকুরের সংখ্যা বারো হাজার ১৪৪টি। সর্বশেষ তথ্য মতে, প্রায় ১৫০ জন মৎস চাষীর প্রায় ২০০টি মাছের ঘের প্লাবিত হয়েছে। ভেসে গেছে প্রায় ১২০ মেট্রিক টন মাছ। এছাড়া প্রায় এক কোটি টাকার বিভিন্ন পুকুর ও ঘেরের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: সুন্দরগঞ্জে খেলা মাঠ থেকে রোপণ করা গাছ সরিয়ে নিলো মাদ্রাসা কর্তৃপক্ষ
উপজেলা কৃষি কর্মকর্তা মুসা ইবনে সাঈদ জানান, ফসলের ক্ষেত এখনো প্লাবিত, পানি না কমা পর্যন্ত এই ক্ষয়ক্ষতির পরিমান চুড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, স্থানীয় চেয়ারম্যানদের সহযোগিতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্লাবিত এলাকার সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিবরণী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পানি কমতে শুরু করেছে, ফসলী জমির চূড়ান্ত ক্ষতির এরপরেই নির্ধারণ যাবে।
ইত্তেফাক/এসি
