আল জাজিরা
মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের ‘ব্যর্থ’ চেষ্টা ‘নিয়ন্ত্রণে’ নিয়েছে দেশটির সরকার। তাদের দাবি, অভ্যুত্থান নস্যাত্ করে সেনাদের কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় দুইজন অভ্যুত্থান পরিকল্পনাকারী নিহতসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে সেনাবাহিনীর একটি অংশ গ্যাবনের রাষ্ট্রীয় বেতার কেন্দ্রের দখল নিয়ে প্রেসিডেন্ট আলি বঙ্গোর প্রতি তাদের অসন্তোষ ও অসমর্থন জানিয়ে ‘জাতীয় পুনর্গঠন পরিষদ’-এর ঘোষণা দেয়।
যদিও এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্রোহী সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে সরকারের মুখপাত্র গাই-বারট্রান্ড ম্যাপঙ্গু দাবি করছেন। তিনি বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। তারা টেলিভিশন ও বেতার কেন্দ্র দখল নিয়েছিল। এখন সবই স্বাভাবিক। সেনা জেনারেল, সুশীল সমাজ ও বিরোধী দলের যাদের কথা বিদ্রোহীরা জানিয়েছে, সবার বিরুদ্ধেই তদন্ত করা হবে।
উল্লেখ্য, গত অক্টোবরে সৌদি আরব সফরের সময় স্ট্রোকে আক্রান্ত হন বঙ্গো (৫৯)। পরের মাস থেকে মরক্কোতে তার চিকিত্সা চলছে। গত ৫০ বছর ধরে তেল-সমৃদ্ধ মধ্য আফ্রিকার দেশ গ্যাবন শাসন করছে বঙ্গো পরিবার। ২০০৯ সালে বাবা ওমর বঙ্গোর মৃত্যুর পর ক্ষমতায় আসেন আলি বঙ্গো। ২০১৬ সালের নির্বাচনে অল্প ব্যবধানে তিনি জয়ী হন। যদিও গত কয়েক বছরে তেলের মূল্যের নিম্নগতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশটিতে রাজস্ব সংকট দেখা দিয়েছে। যার ফলে জনগণের মধ্যে অসন্তোষের বীজ রোপণ হয়েছে।
